
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি ) ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনকে অবরুদ্ধ করে কার্যালয় তালা ঝুলিয়ে দিয়েছে তৃতীয় শ্রেণীর (এডহক) কর্মচারীরা। বুধবার (২ নভেম্বর) সকাল ৯টায় তৃতীয় শ্রেণীর এডহকে কর্মরত ২২জন কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে তারা তালা ঝুলিয়ে দেয়। দ্বিতীয়দিনও বৃহস্পতিবার (৩ নভেম্বর) তিনি তার কার্যালয়ে তালাবদ্ধ রয়েছে।

আন্দোলনকারীরা জানান, গত ৩০ অক্টোবর তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবী নিয়ে এবটি স্মারকলিপি প্রদান করা হয় ভিসি বরাবর। এসময় তারা দাবী করেন- তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী বাছাই বোর্ড দেওয়া, বিজ্ঞাপিত পদে নিয়োগের ক্ষেত্রে ১০০% অভ্যন্তরীন প্রার্থীদের নিয়োগ প্রদান, অভ্যন্তরীন প্রার্থীদের শুধু মাত্র মৌখিক ভাইভা বোর্ডের ব্যবস্থা করা, বিজ্ঞাপিত ১৫টি পদের বিপরীতে ২২ জন এডহক ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের স্থায়ীকরণ করা, তৃতীয় শ্রেণী কর্মচারীদের অসামঞ্জস্য পদকে সামঞ্জস্য করে নীতিমালায় অর্ন্তভুক্ত করা, যথাসময়ে তৃতীয় শ্রেণী কর্মচারীদের আপগ্রেডেশনের ব্যবস্থা করা, ড্রাইভারদের অধিকাল ভাতাসহ টিএডিএ প্রদান করা, তৃতীয় শ্রেণী কর্মচারীদের জন্য পৃথক মিনিবাসের ব্যবস্থা করা, তৃতীয় শ্রেণী কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ৮০% টাঙ্গাইলের লোকদের নিয়োগ প্রদান, তৃতীয় শ্রেণী কর্মচারীদের নিয়োগে পোষ্য কোঠা নির্ধারণ করা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মোটর কার ও মোটরসাইকেলের জন্য কর্পোরেট লোনের ব্যবস্থাকরণ, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির জন্য একটি কার্যালয়ের ব্যবস্থাকরণ, তৃতীয় শ্রেণী কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয় রেশিও অনুযায়ী গেষ্ট গাউজের ব্যবস্থাকরণ, বিশ্ববিদ্যালয়ের গাড়িচালক এবং কারিগরি কর্মচারীদের দাপ্তরিক সাজ-পোশাকের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৮ সালের পরিপত্র এবং বাংলাদেশের গেজেট অনুযায়ী ব্যবস্থাকরণ, এ বিশ্ববিদ্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণীর কোনো চাকরিজীবি চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে মৃত কর্মচারীর পরিবার থেকে একজন তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান করা।
আন্দোলনকারী ও তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি এসএম মাহফুজুর রহমান বলেন, তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির কার্যকরী পরিষদ ৩৯তম সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩য় শ্রেণীর সকল সদস্য কর্মবিরতি পালন করবে। তবে অ্যাম্বুলেন্স, ছাত্র-ছাত্রী সংশ্লিষ্ট এবং জরুরী সেবা সমূহ চালু থাকবে। এছাড়া অন্যান্য সকল পরিবহন সেবা বন্ধ থাকবে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি ) ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন বলেন, পোস্ট ছাড়াই তারা এডহকে নিয়োগ পেয়েছিল বিগত ভিসির থাকাকালীন সময়ে। গতকাল ১৪টি পদে নিয়োগ পরীক্ষা ছিল কিন্তু তারা তাতে অংশগ্রহণ না করে বিভিন্ন দাবী নিয়ে আমাকে অবরুদ্ধ করে কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। এঘটনায় ইউজিসি কতৃৃপক্ষকে বলে ২২টি পদের জন্য নিয়োগের ব্যবস্থা করে তাদের জানানো হলেও তারা তাদের অবস্থানে অনড় রয়েছে। বর্তমানে দুইদিন হল আমাকে অবরুদ্ধ করে রেখেছে।
বাসাইলসংবাদ, ০৩ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




