
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই সহোদর ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকে আর অপরজন স্বতন্ত্র প্রার্থী হয়ে চশমা প্রতীকে ভোটযুদ্ধে অংশগ্রহণ করছেন। তবে নৌকা ঠেকাতেই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে টাঙ্গাইলজুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

জানা যায়, মগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বি হয়েছেন সহোদর ছোট ভাই আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন। এ ইউনিয়নে তারা এছাড়াও আরও তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোতালিব হোসেন (আনারস প্রতীক), সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম বুলবুল (মোটরসাইকেল প্রতীক) ও জাতীয় পার্টির নেতা আব্দুল বাছেদ মন্ডল। বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ নেতা এই তিনজনকেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নৌকা প্রতীক পেয়েও আজহারুল ইসলামকে তার ভাইসহ দলের তিন নেতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। দলের কিছু নেতাকর্মী বর্তমান চেয়ারম্যান আজহারুল ইসলামের দিকে আবার কিছু কিছু নেতাকর্মী তার ভাইসহ অন্য বিদ্রোহীদের পক্ষে কাজ করছেন। তবে তাদের পরিবারের সদস্যসহ আত্মীয় স্বজনরাও বিভক্ত হয়ে গেছে দুই ভাইয়ের দিকে।
নৌকা প্রতীক পাওয়া আজহারুল ইসলাম বলেন, ‘পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এলাকার মানুষের জন্য কাজ করেছি। তাই এলাকার মানুষ ও দল আমাকেই চেয়েছেন। এজন্যই প্রার্থী হয়েছি। ভাইকে আমি ভাইয়ের চোখেই দেখছি।’
বড় ভাইয়ের প্রতিদ্বন্দ্বি কামাল হোসাইন বলেন, ‘গত নির্বাচনের সময় বড় ভাই মায়ের সামনে কথা দিয়েছিলেন তিনি এবার নির্বাচন করবেন না। তিনি প্রার্থী না হয়ে আমাকে প্রার্থী করবেন। কিন্তু বড় ভাই কথা রাখেনি। এজন্য আমি প্রার্থী হয়েছি। মাসহ অপর ছয় ভাই এবং বেশিরভাগ আত্মীয়স্বজন আমার পক্ষে কাজ করছেন। বিজয়ী হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’
প্রসঙ্গত, চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর এ ইউনিয়নসহ জেলার তিনটি উপজেলার ২১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাসাইলসংবাদ/ ২৫ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




