
ক্রীড়া ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে চলছে ছেলেদের আইপিএল আসর। আগামী ৪ নভেম্বর থেকে আমিরাতেই শুরু হবে নারীদের আইপিএল-খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। ৯ নভেম্বর পর্যন্ত চলবে। এ টুর্নামেন্ট সামনে রেখে তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগেই জানা গিয়েছিল, নারীদের এই আসরে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম।এবার তাদের দলের নামও জানা গেছে। সালমা খাতুন খেলবেন ট্রেইলব্লেজার্সের জার্সি গায়ে। জাহানারা খেলবেন ভেলোসিটির হয়ে।

নারীদের এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাতটি দেশের নারী ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। এই প্রথম বারের মতো উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টে খেলতে যাবেন সালমা খাতুন। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক খেলবেন ট্রেইলব্লেজার্সের স্মৃতি মানধানার নেতৃত্বে। অন্যদিকে গত আসরে ভেলোসিটির হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন জাহানারা আলম। সেবার নিজের প্রথম ম্যাচে ৩৪ রান করে নজর কাড়েন তিনি। এরপর ফাইনালে ২১ রান দিয়ে ২ উইকেট শিকার করে সবার প্রশংসা কুড়ান জাহানারা। জাহানারা দল ভেলোসিটিকে নেতৃত্ব দেবেন মিতালি রাজ।
উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশের দুই ক্রিকেটার সালমা ও জাহানারার প্রস্তুতির ক্ষেত্রে সহায়তা করছে বিসিবি। এরই মধ্যে আলাদা কোচ দেওয়া হয়েছে তাদের। স্বাস্থ্যবিধি মেনে দুইবার করোনা ভাইরাস পরীক্ষা করানোর পর আগামী ২১ কিংবা ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা দিতে পারেন সালমা ও জাহানারা। টুর্নামেন্টের উদ্বোধনীর দিন সুপারনেভার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জাহানারার দল ভেলোসিটির মিশন। ৫ নভেম্বর ভোলোসিটির বিপক্ষে খেলা রয়েছে সালমা খাতুনের দল ট্রেইলব্লেজার্সের। ৭ নভেম্বর ট্রেইলব্লেজার্স খেলবে সুপারনোভার বিপক্ষে। ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টের তিন দলের স্কোয়াড
ট্রেইলব্লেজার্স : স্মৃতি মানধানা (অধিনায়ক), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, ডি হেমালতা, নুজহাত পারভিন (উইকেটরক্ষক), রাজ্যেশ্বরী গায়কোড়, হারলিন দেওল, ঝুলন গোস্বামী, সিমারান দিল বাহাদুর, সালমা খাতুন, সোফি একলেস্টোন, নাথাকান চান্থাম, দেয়ান্দ্রা দটিন, কাসভি গৌতম।
ভেলোসিটি : মিতালি রাজ (অধিনায়ক), ভেদা কৃষ্ণমূর্তি (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, সুষমা ভার্মা (উইকেটরক্ষক), একতা বিস্ট, মানসি যোশি, শিখা পান্ডে, দেবিকা বৈদ্য, সুশ্রী দিব্যদর্শীনি, মানালি দক্ষিণি, লেই কাসপেরেক, ডানিয়েল ওয়াট, সুন লাস, জাহানারা আলম, এম আনাঘা।
সুপারনোভাস : হারমানপিত কৌর (অধিনায়ক), জেমাইমা রদ্রিগেজ (সহ-অধিনায়ক), চামারি আতাপাত্তু, প্রিয়া পুনিয়া, অনুজা পাতিল, রাঁধা যাদব, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), শশিকলা সিরিবর্ধনে, পুনম যাদব, শাকেরা সেলমন, অরুন্ধতী রেড্ডি, পূজা ভাস্ত্রাকার, আয়ুশ সোনি, আয়াবাঙ্গা খাকা, মুসকান মালিক।
সূত্র- দৈনিক আমাদের সময়
বাসাইলসংবাদ/ ১২ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]




