
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক সেনা সদস্য ও তার স্ত্রীকে কুপিয়ে ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে ডাকাত দলের সদস্যরা। রবিবার (২৮) দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন উপজেলার বাহাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার বাহাদিপুর এলাকার মৃত ইদ্রিস হোসেন তালুকদারের ছেলে সাবেক সেনা সদস্য শামছুল হক তালুকদার হিরা (৬০) ও তার স্ত্রী বাহাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা খাতুন (৪৫)। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সাবকে সেনা সদস্যের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, সাবেক সেনা সদস্য তার স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে বাড়িতে বসবাস করেন। তার দুই ছেলের একজন লন্ডন প্রবাসি এবং একজন ঢাকায় একটি মাদরাসায় পড়াশোনা করে। রবিবার গভীর রাতে বিল্ডিংয়ের বারান্দার গ্রিল কেটে ডাকাতদলের সদস্যরা ঘরে প্রবেশ করে। পরে ডাকাতির সময় শব্দ হওয়ায় ওই সেনা সদস্যের ঘুম ভেঙে যায়। ডাকাতির কাজে বাঁধা দেয়ায় তাকে এলোপাথারিভাবে কোপাতে থাকে। এসময় তার স্ত্রী বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে ডাকাতদল ঘরের আলমিরাতে থাকা ১১ ভরি স্বর্ণালংকার এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ঘটনার পর ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়। সাবেক সেনা সদস্যকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও মামলা হয়নি। তারপরও বিষয়টি গুরুত্বে সাথে দেখা হচ্ছে।
বাসাইলসংবাদ, ২৯ মে, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




