
ক্রীড়া ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। এতে প্রশংসায় ভাসছেন যুব ক্রিকেটাররা। অ্যান্টিগায় কাল রাতে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে পাওয়া এ সাফল্যকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলী বলছেন, ‘অমূল্য।’

তবে ভারতের যুবাদের এ সাফল্যকে শুধু ‘অমূল্য’ বলেই থেমে থাকেননি সৌরভ। বিসিসিআই সভাপতি এ সাফল্যের ‘মূল্য’ দেওয়ার ঘোষণাও দিয়েছেন। দেশকে এমন সাফল্য এনে দেওয়ার জন্য এবারের বিশ্বকাপে খেলা ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রত্যেক খেলোয়াড়কে ৪০ লাখ ভারতীয় রুপি উপহার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সৌরভ। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ লাখ টাকা।
সৌরভ এ পুরস্কারের ঘোষণা দিয়েছেন টুইটারে। তিনি লিখেছেন, ‘ভারত অনূর্ধ্ব-১৯ দলের সব খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের অভিনন্দন। এমন দুর্দান্তভাবে বিশ্বকাপ জয়ের জন্য দলের নির্বাচকদেরও অভিনন্দন…তাদের অসাধারণ এ প্রচেষ্টা আসলে অমূল্য। তবে আমরা আমাদের পক্ষ তাদের এ সাফল্যের স্মারক হিসেবে ৪০ লাখ রুপি করে ছোট একটি উপহার দেওয়ার ঘোষণা দিচ্ছি।’
ভারতের যুবাদের প্রশংসা করে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ টুইট করেছেন, ‘তরুণ তারকাদের দৃষ্টান্তমূলক পারফরম্যান্সের জন্য অভিনন্দন। আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এমন পারফরম্যান্সের জন্য প্রত্যেক খেলোয়াড়কে ৪০ লাখ রুপি আর প্রত্যেক সাপোর্ট স্টাফকে ২৫ লাখ রুপি করে পুরস্কার দেওয়া হবে। তোমরা ভারতের পতাকাকে গর্বিত করেছো।’ টুইটটিতে জয় শাহ ট্যাগ করেছেন সৌরভ গাঙ্গুলীকে।
বাসাইলসংবাদ/ ০৭ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




