
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : ছোট্ট শিশু অনিক (১২)। লেখাপড়া করে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীতে। আর অনিকের ছোট বোন জান্নাত (০৫) এখনো স্কুলে যাওয়া শুরু করেনি। হঠাৎ এক দুর্ঘটনায় দুটি শিশুই তাদের বাবা-মাকে হারিয়ে আজ এতিম। যদিও শিশু দুটি এখনো ঠিক মতো বুঝে উঠতে পারেনি কি হারিয়েছে তারা।

বলছিলাম উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়া চায়ের দোকানি শাহজাহান (৩৫) ও বেলেনা (৩০) দম্পতির রেখে যাওয়া অবুঝ দুটি শিশুর কথা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা জানার পর মঙ্গলবার (৩০ জুন) শিশু দুটির জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তা করলেন মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবাসী ব্যবসায়ী আবুল কালাম আজাদ লিটন। সুদূর হংকংয়ে বসেই লোক মারফত তিনি এই আর্থিক অনুদান পাঠিয়েছেন।
এছাড়াও করোনার এই সংকটকালে ফেসবুক ফ্রেন্ডদের মাধ্যমে প্রায় ৫ শতাধিক কর্মহীন ও অসহায়কে জনপ্রতি ৫শত টাকা করে দেওয়ার একটি ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করেছেন তিনি। এরআগে করোনাকালে তিনি প্রায় ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তাও দিয়েছেন।

নিহত শাহজাহান ও বেলেনার দুই সন্তানের সঙ্গে দাদা-দাদি
আবুল কালাম আজাদ লিটন বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার নেশা হয়ে গেছে। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন যেন অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে পারি।’
আবুল কালাম আজাদ লিটনের এই মহৎ উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মান্নান।
প্রসঙ্গত, গত ২১শে জুন শাহজাহান তার স্ত্রী ও ছেলে অনিককে নিয়ে বাড়ির সামনে মাঠে মহিষ চরাতে যায়। কিন্তু সেখানে পড়ে থাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (ওয়াপদা) তারের সাথে জড়িয়ে পড়ে অনিক। ছেলেকে বাঁচাতে এগিয়ে যায় মা বেলেনা। ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়লেও আটকে যায় মা। এরপর স্ত্রীকে বাঁচাতে এগিয়ে যায় শাহজাহান। কিন্তু শেষ রক্ষা হয়না এই দম্পতির। ছেলেটিকে বাঁচাতে পারলেও প্রাণ যায় দু’জনারই।
…বাসাইলসংবাদ/ ০১ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




