
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও এক বন্ধু। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী-ভূঞাপুর লিংক রোডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার এলেঙ্গা রাজাবাড়ি এলাকার জুলহাস মিয়ার ছেলে ইমন মিয়া (১৭) ও রাজাবাড়ি গ্রামের আব্দুল সামাদের ছেলে শাওন (১৮)। তারা এলেঙ্গা সরকারি শামসুল হক বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আহত আসিফ মিয়া (১৯) একই এলাকার হাশেম মিয়ার ছেলে। আসিফকে মূমুর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
এলেঙ্গা সরকারি শামসুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীর বলেন, ‘ওরা তিনজন প্রথম বর্ষের শিক্ষার্থী। ইমন ও শাওন মারা গেছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক।’
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুসফিকুর রহমান বলেন, ‘তিন বন্ধু মোটরসাইকেলযোগে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইমন নিহত হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় শাওন ও আসিফকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে শুনেছি শাওন মারা গেছে।
…বাসাইলসংবাদ/২০ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




