
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে এক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানসহ আট চেয়ারম্যান ও ১৯জন সদস্য পদে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) যাচাই বাছাইয়ের নির্ধারিত দিনে তাদের মনোনয়নপত্র বাতিল হলেও পরদিন তা জানানো হয়।

মনোনয়ন বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ফুলকী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল, মনিরুজ্জামান মিয়া, আতিকুর রহমান, ইসহাক আলী, দেওয়ান জহিরুল ইসলাম, কাঞ্চনপুর ইউনিয়নের এবিএম মাসুদুল আলম বিপ্লব, হাবলা ইউনিয়নের তরিকুল ইসলাম রতন ও কাউলজানী ইউনিয়নে আবু হানিফ মিয়া। এছাড়াও চারটি ইউনিয়নে সদস্য পদে ১২জন ও নারী সদস্য পদে ৭জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
বাসাইল উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মনোনয়নপত্র বাতিল হওয়া চেয়ারম্যানদের মধ্যে স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন ২০১০ এর বিধি ৪৮ এর উপধারা ১(ড) অনুযায়ী চারজন এবং সম্পদ বিবরনের রশিদ না থাকায় দুইজন ও দলীয় প্যাডে মনোনয়ন প্রাপ্তির স্বীকৃতিপত্র না থাকায় একজন, ঋণ খেলাপীর অভিযোগে এক জনের মনোনয়ন বাতিল করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার মনি শংকর রায় বলেন, বাতিল হওয়া প্রার্থীরা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর আপিল নিষ্পত্তি এবং ১৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৫ জানুয়ারি এসব ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
বাসাইলসংবাদ/ ১৩ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




