
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে স্বপন চক্রবর্তী (৩৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে তার মৃতু হয়। এরআগে বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিকাতলীপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে সাপে কামড় দেয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন তথ্যটি নিশ্চিত করেছেন।

স্বপন চক্রবর্তী ওই গ্রামের কানাই চক্রবর্তীর ছেলে।
নিহতের চাচাতো ভাই শীতল চক্রবর্তী জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার সময় রাস্তায় তাকে সাপে কামড় দেয়। এসময় সে আহত হয়ে পড়েন। পরে কবিরাজের খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায়ে তাকে রাতেই মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়।
কাঞ্চনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য আতিকুর রহমান উজ্জ্বল বলেন, ‘তাকে সাপে কামড় দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয়। শুনেছি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ বাড়িতে আনা হয়েছে।’
বাসাইলসংবাদ/ ২৪ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




