
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বেপরোয়া গতির মোটরসাইকেলের চাপায় ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) বিকেল ৫ টার দিকে উপজেলার ফুলকি ইউনিয়নের নেধার পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ফারজানা আক্তার (৩)। ফারজানা ফুলকি ইউনিয়নের নেধার পশ্চিমপাড়া গ্রামের বাদল মিয়ার মেয়ে।
নিহতের বাবা বাদল মিয়া জানান, ফারজানা বাড়ির গেটের সামনে দাড়ানো ছিল। বেপরোয়া গতির তিন-চারটি মোটরসাইকেল জশিহাটীর দিকে যাচ্ছিল। এক পর্যায়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমার মেয়েকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু জানান, মেয়েটি নিজ বাড়ির গেটের সামনে দাড়িয়েছিল। এমন সময় বেপরোয়া গতিতে ছুটে আসা মোটরসাইকেল মেয়েটিকে চাপা দেয়। এতে শিশুটির মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে চালকসহ মোটরসাইকেলটি আটক করেছে এলাকাবাসী।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতির মোটরসাইকেলের চাপায় এ দুর্ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাসাইলসংবাদ, ০৮ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




