
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বিজিবি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৯ মে) সন্ধ্যার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার করাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা পাবনা জেলার চাটমোহর উপজেলার বাসিন্দা মোজাহের মোল্লার ছেলে। সেলিম রেজা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্য। তিনি পিলখানায় সিপাহী পদে দায়িত্বে ছিলেন। অপর নিহত ব্যক্তির নাম কামরুজ্জামান (২৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. নবিন বলেন, বিকেলে পাবনা থেকে বিজিবি সদস্য সেলিম রেজা ও কামরুজ্জামান নামের দুইজন মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন। এসময় তারা মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে পেছন থেকে এসে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে সেলিম ও কামরুজ্জামান গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সেলিম রেজাকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাতে কামরুজ্জামানেরও মৃত্যু হয়। নিহতদের লাশ মর্গে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/ ২০ মে, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




