
নিজস্ব প্রতিবেদক : বাসাইল-টাঙ্গাইল সড়কের নাকাছিমে বালু ভর্তি একটি ড্রাম ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় চালক বের হতে পারলেও হেলপার ট্রাকটির ভেতরে আটকে যায়। রবিবার (১১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে বাসাইল উপজেলার লাঙ্গুলিয়া নদীর নাকাছিমে এ ঘটনা ঘটে। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

ওসি হারুনুর রশিদ বলেন, ‘বালু ভর্তি একটি ড্রাম ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিকে যাচ্ছিল। এসময় লাঙ্গুলিয়া নদীর নাকাছিমে বেইলি ব্রিজের ওপর ট্রাকটি উঠলে ব্রিজটির একাংশ দেবে যায়। এ ঘটনায় ট্রাকটি ব্রিজে আটকে গিয়ে একাংশ নদীতে পড়ে গেছে। ট্রাকের চালক নামতে পারলেও হেলপার ট্রাকের ভেতরে আটকা পড়ে আছে। তাকে উদ্ধারে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। এঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।’
স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ সড়কের বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় বাসাইল ও সখীপুর উপজেলার অসংখ্য মানুষের টাঙ্গাইল সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টাঙ্গাইল পৌঁছাতে একটি বিকল্প সড়ক থাকলেও এরআগে গত ১ অক্টোবর সেটিরও একটি ব্রিজ ভেঙে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ।
বাসাইলসংবাদ/ ১২ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




