
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে আশরাফ আলী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন।

দণ্ডপ্রাপ্ত আশরাফ আলী উপজেলার হাবলা দক্ষিলপাড়ার নবাব আলীর ছেলে।
ভুক্তভোগী স্থানীয়রা জানান, আশরাফ আলী গংরা দীর্ঘদিন ধরে এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে অবৈধভাবে নদীর তীর কেটে মাটি বিক্রি করে আসছিল। স্থানীয় প্রশাসন তাদের নিষেধ করার পরও থামেনি তারা। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় অন্যরা পালিয়ে গেলেও আশরাফ নামের একজনকে অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বলেন, ‘অবৈধভাবে নদীর তীরের মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
বাসাইলসংবাদ/ ১১ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




