
নিউজ ডেস্ক : সারা দেশের জেলা-উপজেলা সদরে নির্মিত ও নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ম্যুরালের (ভাস্কর্য/প্রতিকৃতি) নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক সম্পূরক আবেদনের শুনানি করে আজ সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ মন্ত্রিপরিষদ সচিবকে এই আদেশ বাস্তবায়ন করতে বলেছেন। আদালত এক মাস পরে পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন।

আদালত মুজিবর্ষ উপলক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশের জেলা উপজেলা সদরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের উদ্যোগের প্রশংসাও করেছেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। পরে তিনি জানান, বঙ্গবন্ধুর সব ভাস্কর্যের/ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইাকোর্ট।
এর আগে গত ২ ফেব্রুয়ারি একাত্তরের যে দিনটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ ঘোষণা করে এক মাসের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন হাইকোর্ট। সুপ্রিমকোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেন।
বর্তমান প্রেক্ষাপটে বশির আহমেদ একটি সম্পূরক আবেদন দাখিল করেন। সোমবার ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বঙ্গবন্ধুর সব ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।
এ ছাড়া এই মুজিববর্ষের মধ্যেই দেশের সব জেলা-উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের নির্দেশ দেওয়া হয়। সেই আদেশের পরিপ্রেক্ষিতে সারা দেশে জেলা-উপজেলা সদরে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন শুরু হয়েছে।
এদিকে, বঙ্গবন্ধুসহ সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে আরেকটি শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। সুপ্রিমকোর্টের আইনজীবী উত্ম লাহিড়ী গতকাল রোববার রিট আবেদনটি দায়ের করেন।
সূত্র- দৈনিক আমাদের সময়
বাসাইলসংবাদ/ ০৭ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




