
অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে প্রথম দেখা পাওয়া নতুন প্রজাতির করোনাভাইরাসের অস্তিত্ব এক ফরাসির শরীরেও পাওয়া গেছে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২১ ডিসেম্বর ফ্রান্সে নতুন প্রজাতির করোনাভাইরাস ধরা পড়ে। যে ফরাসি নাগরিকেরে দেহে নতুন প্রজাতির করোনাভাইরাস পাওয়া গেছে তিনি গত ১৯ ডিসেম্বর লন্ডন থেকে ফ্রান্সে এসেছেন। তার শরীরে কোনো ধরনের লক্ষণ ছিল না। বর্তমানে তিনি হোম আইশোলেশনে রয়েছেন।

যুক্তরাজ্যে নতুন প্রজাতির করোনাভাইরাস পাওয়ার পর অনেকগুলো দেশ যুক্তরাজ্যের সঙ্গে যাতায়াত বন্ধ করেছে। গত বুধবার ফ্রান্স তাদের সীমান্ত বন্ধ করেছে, জারি করেছে লকডাউনও। ভ্রমণের আগে ফরাসিদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। ইংলিশ চ্যানেল পাড় হওয়ার অপেক্ষায় থাকা হাজার হাজার লরি চালক কেন্টে বড়দিন কাটিয়েছেন।
যুক্তরাজ্যে প্রথম পাওয়া নতুন প্রজাতির করোনাভাইরাস গতকাল শুক্রবার জাপানেও পাওয়া গেছে। জাপানি ওই নাগরিক যুক্তরাজ্য থেকে এসেছেন। এ ছাড়া ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসেও এ প্রজাতির করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।
বাসাইলসংবাদ/ ২৬ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




