
নিউজ ডেস্ক : অস্ট্রিয়া-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার। শুক্রবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীকে ফোন করেন তিনি। এ সময় দুই দেশের সরকার প্রধানের মধ্যে বিভিন্ন বিষয়ে ১০ মিনিটের মতো কথা হয়।

প্রথমদিকে ১.৫ মিলিয়ন করোনা ভ্যাকসিন উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ার চ্যান্সেলরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। কার্ল নেহাম্মার এ সময় বলেন, ভবিষ্যতে বাংলাদেশের যদি আরও ভ্যাকসিন লাগে তা তারা দিতে প্রস্তুত রয়েছে।
চ্যান্সেলর আরও বলেন, অস্ট্রিয়া বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক। বাংলাদেশের সঙ্গে তারা অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়টির ওপর জোর দিয়ে বাংলাদেশে তাদের বিনিয়োগ করতে আহ্বান জানান।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থান বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী। এ সময় অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো গেছে।
বাসাইলসংবাদ/ ০৪ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




