
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী একজন রাজনৈতিক নেতা ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতেই পারেন। দেখা করার অর্থ এই নয় যে তিনি কালই আওয়ামী লীগে চলে আসবেন বা আওয়ামী লীগ করবেন। এটা রাজনৈতিক কৌশল। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে বাসাইল-সখীপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম পুনরায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর একটি ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এজন্য আমরা টাঙ্গাইলের মানুষ তাকে নিয়ে গর্ব, অহংকার করি। রাজনীতিতে নানা ভুলভ্রান্তি থাকতেই পারে, চিন্তা চেতনায় কিছুটা দ্বিধাবিভক্তি এসেছে।
তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামায়াত, রাজাকার, আলবদরদের নিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা বলেছিল গত ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা করবে। এতে তারা ব্যর্থ হয়েছে। ৩০ তারিখে গণমিছিল করবে। এতেও তারা ব্যর্থ হবে। প্রধানমন্ত্রীর দয়ায় বেগম খালেদা জিয়া জেলখানা থেকে নিজ বাড়িতে রয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথির বক্তব্য রাখেন। বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধেয় অতিথি স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আমিন শরিফ সুপন, বাসাইল পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বাসাইলসংবাদ, ৩০ ডিসেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




