
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে নেশার টাকা না পেয়ে স্বামীর বিরুদ্ধে তার স্ত্রী সুমাইয়া (২১)কে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত স্বামী রুবেল হোসেন (৩০)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সকালে ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি এলাকার তারা তালুকদারের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আটক রুবেল ঘাটাইল উপজলার গৌরিশ্বর গ্রামের শুক্কর আলীর ছেলে এবং নিহত সুমাইয়া গোপালপুর উপজলার বরশিলা গ্রামের ইউসুফ আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে পৌর এলাকার ঘাটান্দির তারা তালুকদারের বাসা ভাড়া নেয় হোটেল শ্রমিক রুবেল হোসেন। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। স্ত্রী সুমাইয়া বাসা বাড়িতে কাজ করতো এবং স্বামী রুবেল শ্রমিকের কাজ করতো। তাদের দেড় বছরের একটি কন্যা শিশু সন্তান রয়েছে।
নিহত সুমাইয়ার মা শারমীন বেগম অভিযোগ করে বলেন, ‘রুবেল বিভিন্ন হোটেলে শ্রমিকের কাজ করতো। তবে সে শ্রমিকের কাজ করে যে টাকা উপার্জন করে সে টাকা দিয়ে নেশা করতো। বিষয়টি নিয়ে প্রতিনিয়ত স্বামীর সাথে সুমাইয়ার ঝগড়া হতো। মঙ্গলবার রাতে নেশা কেনার টাকার জন্য সুমাইয়াকে চাপ দেয় রুবেল। পরে সুমাইয়া টাকা দিতে অস্বীকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।’
বাসার মালিক তারা তালুকদার জানান, প্রতিনিয়ত তাদের দুইজনের মধ্যে ঝগড়া লাগতো। গভীর রাতে রুবেল ঘর থেকে বের হয়ে জানায় তার স্ত্রী মারা গেছে। পরে আশপাশের লোকজনকে খবর দেয়া হয়। সকালে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তার স্বামী রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/ ০৬ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




