
নিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। নির্বাচনের আগে যারাই সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদের দমন করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। আজ শনিবার দুপুরে সিলেট পুলিশ লাইনসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘সিটি করপোরেশনসহ সব নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নির্বাচন কমিশনের কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত আছে।’
প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে পুলিশ সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাস নিরূপণে সক্ষম হয়েছে বলে জানান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। তিনি বলেন, ‘গুজব নিরসনে পুলিশ কাজ করছে। কেউ গুজব রটানোর অপচেষ্টা করলে প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সাম্প্রতিক সময়ে সারাদেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ব্যাপারে পুলিশপ্রধান বলেন, ‘নির্বাচনের আগে সব অনাকাঙ্ক্ষিত বিষয় রোধে কড়া গোয়েন্দা নজরদারি রয়েছে। এছাড়া ঘটে যাওয়া এসব বিষয়ের তদন্তও অব্যাহত রয়েছে পুলিশের।’
এসময় পর্যটন পুলিশের সক্ষমতা বাড়ানো হবে বলেও জানান আইজিপি। তিনি বলেন, ‘সিলেটসহ সারাদেশের পর্যটনখাত বিকশিত হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে। এক সময় ট্যুরিস্ট পুলিশ ছিল না, জেলা পুলিশ দিয়ে দায়িত্ব পালন করা হতো। প্রধানমন্ত্রী ট্যুরিস্ট পুলিশ করেছেন। ট্যুরিস্ট পুলিশের সংখ্যা ও সক্ষমতা আরও বাড়ানো হবে।’
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে আইজিপি বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইনসে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরে দুপুর ১২টায় সিলেট বিভাগের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বাসাইলসংবাদ, ২৯ এপ্রিল, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




