
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ১৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর বাজারের বটতলা, বাসট্যান্ড, রিকশাস্ট্যান্ড, তালতলা এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের সচেতন করতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংক্রামক রোগে অবহেলা জনিত কার্য সম্পাদন করায় ১৮৬০ আইনের ২৬৯ ধারায় ১৩ জন পথচারীকে ২ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, উপজেলায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনার হাত থেকে উপজেলাবাসীকে রক্ষা করতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। তারপরও মানুষদের মাঝে কোনও রকম সচেতনতা নেই। মাস্ক পরা সরকারিভাবে নির্দেশনা থাকলেও কেউই তা মানছে না। এই মহামারিতে শহর ও গ্রামের মানুষ মাস্ক ছাড়া বেখেয়ালি হয়ে ঘুরে বেড়াচ্ছে। নেই ভয় ভিতি ও স্বাস্থ্য সচেতনতা।এ জন্য আজ অভিযান চালিয়ে ১৩ পথচারীকে মাস্ক না পরার দায়ে অর্থদন্ড দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গণি স্যারের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম আর আমি নাগরপুরের মানুষের কল্যাণের স্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় সবাইকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
…বাসাইলসংবাদ/ ১৭ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




