
নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, করোনা, ইউক্রেন- রাশিয়া যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে দামবৃদ্ধিসহ নানা কারণে চালের দাম কিছুটা বেড়েছে। শীঘ্রই চালের বাজার স্বাভাবিক হয়ে আসবে। তবে কৃষিমন্ত্রী হিসাবে বলতে চাই, এবছরও পর্যাপ্ত পরিমাণ চাল উৎপাদন হয়েছে। দেশে খাদ্য নিয়ে কোন হাহাকার হবে না, খাদ্যের কোন সংকট হবে না। গত ১৪ বছরে আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগের আমলে একজন মানুষও না খেয়ে মারা যায়নি, কোন মানুষ না খেয়ে থাকার কষ্ট করেনি। আমাদের যে সম্পদ রয়েছে, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ রয়েছে, তাতে যে কোন পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারব। সোমবার (৬ জুন) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। ঘাটাইল গণ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, আজকের আওয়ামী লীগ যে কোন সময়ের তুলনায় অনেক সুসংহত, শক্তিশালী ও সচেতনন এবং যে কোন পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। দলের এই অবস্থাকে ধরে রাখতে হবে। সেজন্য যারা বিভিন্ন অপকর্মে জড়িত ও শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের মাধ্যমে দলের সুনাম ক্ষুন্ন করছে, তাদেরকে দলের নেতৃত্বে আনা যাবে না। দলের বিপদেআপদে সকল আন্দোলন সংগ্রামে যারা সামনে থাকবে তাদেরকে নেতা নির্বাচন করতে হবে, দলে জায়গা দিতে হবে।
মন্ত্রী আরও বলেন, রাজাকার, আলবদর, বিএনপিসহ স্বাধীনতাবিরোধী শক্তি যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বলে শ্লোগান দিচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ‘৭৫ সালে আমরা বুঝতে পারি নাই। বঙ্গবন্ধু ছিলেন অসীম সাহসী, তাঁর হৃদয় ছিল আকাশের মতো উদার, সমুদ্রের মতো বিশাল। তিনি কিছু মানুষকে, কিছু কুচক্রীকে বিশ্বাস করেছিলেন। কিন্তু আজকের সুসংহত ও শক্তিশালী আওয়ামী লীগের নেতাকর্মীরা যেকোন মূল্যে এই অপশক্তির মূলোৎপাটন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বের নেত্রী, মানবতার নেত্রী। তাঁকে হত্যা করতে চাইলে এদেশের জনগণ ও সারা বিশ্বের নির্যাতিত মানুষ ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে দাঁড়াবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবীর কাওছার।
সম্মেলনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক,। প্রধান বক্তা ছিলেনজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম । দীর্ঘ ২০ বছর পর ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুকে সভাপতি ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ০৬ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




