
নিউজ ডেস্ক : তিন গ্রুপে ভাগ হয়ে বাংলাদেশ দলের সবাই শনিবার দক্ষিণ আফ্রিকা পেঁছেছে। সাকিব আল হাসান অনিশ্চয়তার মেঘ সরিয়ে আজ সেখানে পৌঁছেছেন। দুদিন বিশ্রাম নিয়ে আজ থেকে অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ ওয়ানডে ও টেস্ট দল।
তামিম ইকবালের নেতৃত্বাধীন ওয়ানডে দল আজ সোমবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুশীলন করে। অন্যদিকে মুমিনুল হকের নেতৃত্বাধীন টেস্ট দলের সদস্যরা অনুশীলন করে কেপ টাউনের গ্যারি কার্স্টেন একাডেমি মাঠে।

ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে আগামীকাল মঙ্গলবার (১৫ মার্চ) জোহানেসবার্গে আন্তঃদলীয় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ মার্চ প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ।
ওয়ানডে সিরিজ শেষে ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজ। প্রথম টেস্টের প্রস্তুতির জন্য ২৬-২৭ মার্চ দুইদিনের আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ৩১ মার্চের পর ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ৯ ওয়ানডে ও ৬ টেস্ট খেলেছে প্রোটিয়াদের বিপক্ষে। তবে জয়ের দেখা পায়নি কখনো। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবার দেশ ছাড়ার আগে হতশ্রী এই রেকর্ড পাল্টে দেওয়ার আশাবাদ ব্যক্ত করে গেছেন।
এছাড়াও এই সফরের ওয়ানডে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় ম্যাচ জিতলেই মিলবে ১০ পয়েন্ট। বাংলাদেশ ১৫ ম্যাচে ১০ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে আছে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে। ১০ ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৩৯। এই সিরিজে ভালো করে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে সুপার লিগে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার।
বাসাইলসংবাদ/ ১৪ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




