
ক্রীড়া ডেস্ক : ফিফা ২০২২ সালের বর্ষসেরা ফুটবলার হচ্ছেন লিওনেল মেসি! তালিকা ফাঁসের দাবি করে এমনটিই জানিয়েছেন, আর্জেন্টিনার সাংবাদিক ফ্রান্সিস আগুইলার।

সোমবার বাংলাদেশ সময় রাতে ফিফা বর্ষসেরার পুরস্কার ঘোষণা করা হবে। তবে তার আগে কীভাবে মেসিকে সেরা ফুটবলার বলে দাবি করলেন ফ্রান্সিস? মেসিকে তিনি শুধু বর্ষসেরা ফুটবলার হিসাবে দাবি করেননি, জানিয়েছেন যে ফরাসি ফুটবল সংস্থাকে কড়া বার্তা দিয়েছে ফিফা। যেখানে ব্যালন ডি’অরের তালিকায় মেসির নাম ছিল না। কিন্তু সেই তাকেই বর্ষসেরা ফুটবলার ঘোষণা করছে ফিফা।
তালিকায় মেসি ছাড়া বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে আরও দুজন হলেন কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা। তার মানে দুই ফরাসি ফুটবলারের সঙ্গে লড়াই এক আর্জেন্টাইনের। বেনজেমার ২০২২ সাল ভালো গিয়েছে। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন তিনি। কিন্তু বিশ্বকাপের আগেই চোট পান। ফলে কাতার বিশ্বকাপে খেলতে পারেননি।
কিন্তু মেসির সঙ্গে সব থেকে বেশি লড়াই হওয়ার কথা এমবাপ্পের। কেননা দেশ ও ক্লাবের হয়ে সমান পারফর্ম করেছেন তিনি। পিএসজিকে লিগ ওয়ান জিতিয়েছেন। তেমনই বিশ্বকাপে সব থেকে বেশি গোল (৮) করে সোনার বুট জিতেছেন।
যদিও এমবাপ্পে বিশ্বকাপ জিততে পারেননি। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় বাকি দু’জনের থেকে সামান্য হলেও এগিয়ে মেসি। তবে সবটাই হবে ভোটে। কিন্তু সেখানে কীভাবে আগে থেকে মেসিকে সেরা দাবি করলেন তার দেশের সাংবাদিক? সত্যিই কি আগে থেকে ফাঁস হয়েছে পুরস্কার?
বাসাইলসংবাদ, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




