
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকার ‘ফ্যামিলি সাইক্লিস্ট’ গ্রুপের উদ্যোগে এবং সহযোগী টিম প্যাডেল গ্যাং ও মেট্রো স্পোর্টস ক্লাবের সহযোগিতায় সিলেটে বৃক্ষরোপণ করা হয়েছে। গত শুক্রবার (২২ অক্টোবর) সিলেট এমসি কলেজ মাঠের পূর্ব পাশে নববী ঈদগাহ মাঠে এ বৃক্ষরোপণ করা হয়।


জানা যায়, রাজধানীর ঢাকার ‘ফ্যামিলি সাইক্লিস্ট’ গ্রুপের উদ্যোগে এবং সহযোগী টিম প্যাডেল গ্যাং ও মেট্রো স্পোর্টস ক্লাবের সহযোগিতায় গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে ঢাকার ৪০জন সাইক্লিস্ট তাদের সাইকেলগুলো বাসের ভেতরে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হন। পরদিন ২২ অক্টোবর বৃক্ষরোপণ শেষ করে তারা সিলেটের নবীন সাইক্লিং গ্রুপের টিম দারুচিনি সাইক্লিস্টের এডমিন এবং সদস্যদের অংশগ্রহণ ও সহযোগীতায় প্রায় ৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে তামাবিল হাওয়রের পথ ধরে যাত্রা শুরু করে জাফলংয়ের উদ্দেশ্যে। নারী-পুরুষের একত্রে এই সাইকেল চালানোর দৃশ্য রাস্তার দুপাশে নজর কাড়ে পথচারীদের। মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হওয়ায় সাইক্লিস্টরাও আনন্দ পান। তারা জাফলংয়ে পুরো দিনটি কাটান। এরপর রাতে আবার সাইকেল প্যাকিং করে বাসযোগে ঢাকার ফেরেন।

ঢাকার ‘ফ্যামিলি সাইক্লিস্ট’ গ্রুপের এমন আয়োজনে প্যাডেল গ্যাং ও মেট্রো স্পোর্টস ক্লাবের পাশাপাশি সিলেটের হুমায়ুন রশীদ, মারুফ সারোয়ার, রাকিব, গাজী সফিক, মেহেদি হাছান দ্বীপ, সিলেটসহ বাংলাদেশের সাইকেল প্রেমীদের কাছে পরিচিত মুখ আরিফ আখতারুজ্জামান, সিলেট রানার্স কমিউনিটির এডমিন মঞ্জুর আহমেদ আরিফ, সিলেট সাইক্লিং কমিউনিটির এডমিন হাছান আহমেদসহ সিলেটের সাইক্লিস্টরা তাদের সহযোগিতা করেন।

‘ফ্যামিলি সাইক্লিস্ট’ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. মফিজুল ইসলাম বলেন, ‘ঢাকার ৪০জন সাইক্লিস্টদের নিয়ে সিলেটে বৃক্ষরোপণ ও রাইড করার জন্য গিয়েছিলাম। সিলেটের পরিবেশটা সত্যিই মনোমুগ্ধকর। আমাদের এই আয়োজনে সিলেটের অনেক সাইক্লিস্ট ছোট ও বড় ভাইয়েরা সহযোগিতা করেছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ। এছাড়াও আমার ডাকে যারা সাড়া দিয়ে সঙ্গী হয়ে ছিলেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ঢাকা থেকে বাসযোগে প্রথমে সিলেটে পৌঁছাই। এরপর সেখান থেকে আপ-হীল, ডাউন-হীল রাস্তা ধরে আমরা সিলেট থেকে সাইকেল নিয়ে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হই। অধম্য ইচ্ছে শক্তি নিয়ে উঁচু ডাউনগুলো ওঠে এক এক করে সবাই জমা হতে থাকেন জাফলংয়ের গুচ্ছ-গ্রামের খানিকটা আগেই গাছপালার ছায়াতলে। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, কারণ আমাদের মধ্যে অনেকেই ছিলেন নতুন রাইডার। যাদের লং রাইডের ভালো অভিজ্ঞতা যেমন নেই, তেমনও নেই আপ-হীল, ডাউন-হীলে সাইকেল চালানোর আত্মবিশ্বাস। যার কারণে মাঝপথে এসে অনেকেই হাপিয়ে গিয়েছিলেন। পরে জাফলং ঘুরে আবার সাইকেল প্যাকিং করে বাসযোগে ঢাকায় ফিরে আসি।’ পর্যায়ক্রমে সকল জেলায় বৃক্ষরোপণ করা হবে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/ ২৩ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




