
নিজস্ব প্রতিবেদক : পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে, কোথাও নেই যানজট।

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে মহাসড়কের ঘারিন্দা, রাবনা, রসুলপুর, এলেঙ্গা ও আনালিয়াবাড়ি এলাকা ঘুরেও যানজট দেখা যায়নি। তবে, যানবাহনের চাপ ছিল বেশি।
এর আগে, সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৮ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে, দুপুরের পরেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, ‘যানজট নিয়ন্ত্রণে আমরা মহাসড়কে দায়িত্ব পালন করছি। সেতু দিয়ে স্বাভাবিক সময়ে যে গাড়ি পারাপার করে, এখন তার চেয়ে বেশি গাড়ি পারাপার করলেও কোথাও যানজট নেই।’
এদিকে, দুপুরে মহাসড়ক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাশেম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, সবাইকে নিরাপদে বাড়ি ফেরাতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সড়কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।’
তিনি আরও বলেন, ‘গত ঈদে আমরা নির্বিঘ্নে মানুষকে ঘরে পৌঁছে দিতে পেরেছি। এবারও আমাদের একই প্রচেষ্টা আছে। ছোটখাটো দুর্ঘটনা ছাড়া বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি।’
বাসাইলসংবাদ, ২৭ জুন, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




