
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর, বাসাইল, মির্জাপুর, কালিহাতী ও ঘাটাইলে বৃহস্পতিবার রাত ৯টার পর থেকেই ডাকাতির গুজব ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকার মসজিদের মাইক থেকে ঘোষণা আসে ‘গ্রামে ডাকাত ঢুকেছে, সবাই সতর্ক হোন, পিপিই পরে ডাক্তার বেশে ডাকাত ঢুকেছে’। মসজিদ মাইক থেকে এমন ঘোষণা পাড়া মহল্লায় এবং গ্রামের পর মূহুর্ত্বেই উপজেলাব্যাপী ছড়িয়ে পড়ে। ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ডাকাতির এ গুজব। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ অতিরিক্ত জনবল নিয়ে টহল দিতে শুরু করে। উদ্বেগ উৎকণ্ঠায় কাটে উপজেলাবাসীর সারারাত। কিন্তু সারারাতে কোথাও কোনো ডাকাতের সন্ধান ও ডাকাতির চিহ্ন খোঁজে পাওয়া যায়নি।

স্থানীয়রা ডাকাতির এমন গুজব ছড়ানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বারবার এমন গুজব রটানো হলে বিষয়টি “দুষ্ট রাখাল বালক ও বাঘ” -এর গল্পের মত হতে পারে। এরকম ঘোষণার আগে অবশ্যই মসজিদ কর্তৃপক্ষেরও আরো দায়িত্বশীল ও সচেতন হওয়া প্রয়োজন।
এ বিষয়ে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, এলাকায় ডাকাত ঢুকার বিষয়টি সম্পূর্ণই গুজব। আমরা সারারাত টহলে ছিলাম, কিন্তু কোথাও ডাকাতির ঘটনার সত্যতা পাওয়া যায়নি।
সখীপুর উপজেলা নির্বার্হী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, কোথা থেকে এবং কারা এই গুজব তৈরি করছে, কীভাবে এই গুজব ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।
…বাসাইলসংবাদ/ ২৪ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




