
নিজস্ব প্রতিবেদক, প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডে করোনাভাইরাস প্রতিরোধে নাগরিকদের শতভাগ ভ্যাকসিন দেয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল পৌরসভার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। এ সময় তিনি পৌর এলাকায় নাগরিকদের শতভাগ ভ্যাকসিন দেয়ার দাবি করেন।

লিখিত বক্তব্য মেয়র সিরাজুল হক আলমগীর বলেন, ২০২০ সালে ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। তখন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় টাঙ্গাইল পৌরসভার পক্ষ থেকে করোনা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমি গত বছরের ৩০ জানুয়ারি পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হই। নির্বাচিত হওয়ার পর ১১ মার্চ দায়িত্বগ্রহণের পরে করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান কার্যক্রম আরো গতিশীল করা হয়। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল পৌর এলাকায় ১ লাখ ৬৪ হাজার ৩শ’ মানুষকে টিকা দেয়া হয়েছে। পৌর এলাকায় মোট ভোটার ১ লাখ ২৪ হাজার ১৭০ জন। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অস্থায়ীভাবে বসবাসরত জনগণকেও করোনার টিকা দেয়া হয়েছে। যার ফলে বলা চলে পৌর এলাকায় শতভাগ করোনার টিকা দেয়া হয়েছে। সকলের সহযোগিতা ও প্রচেষ্টায় টিকা দেয়া সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, আমার অজান্তে কিংবা যারা টিকা নিতে আগ্রহী নন তাদের কিছু সংখ্যক টিকা নাও পেতে পারে। এছাড়াও পৌর এলাকায় বিনামূল্যে প্রায় ২ লাখ মাস্ক, দুই হাজার এন্সিসেপটিক সাবান, এক হাজার হ্যান্ডওয়াশ, ১৫ হাজার হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ এলাকায় হাত ধোয়ার জন্য পানির লাইনসহ বেসিন স্থাপন করা হয়েছে। গরিব ও দুস্থদের মধ্যে দুই লাখ খাবার প্যাকেট দেয়া হয়েছে। চলমান এ কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
শতভাগ ভ্যাকসিনের ব্যাপারে সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, শতভাগ করোনা ভ্যাকসিন দেয়ার জন্য সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। সেই পরিমানে আমরা ভ্যাকসিন সরবরাহ করে সাপ্লাই দিয়েছি। তবে এখনো ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা প্রতিরোধে সিভিল সার্জন অফিস কাজ করে যাচ্ছেন বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান, পৌরসভার সচিব শাহনেওয়াজ পারভীন, নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ০৩ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




