
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) টাঙ্গাইল সদর উপজেলার বাহিরশিমুল গ্রামের ধানক্ষেত থেকে মস্তকবিহীন এক নারী ও সখীপুর উপজেলার কৈয়ামধু কারিগরপাড়া জঙ্গল থেকে অপর নারীর লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, সদর উপজেলার বাহিরশিমুল গ্রামের একটি ধানক্ষেত থেকে দুপুরে অজ্ঞাত নারীর একটি হাত, দুইটি পা, বুকের কিছু অংশ এবং পরনের কাপড় উদ্ধার করা হয়। লাশের মাথা ও একটি হাত এখনও পাওয়া যায়নি।
টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ওই এলাকায় ধানক্ষেত থেকে প্রথমে দুটি পা ও একটি হাত উদ্ধার করা হয়। পরে দেহের খন্ডিত বিভিন্ন টুকরোও উদ্ধার করা হয়। দেহের বাকি অংশ উদ্ধারে এলাকার ধানক্ষেতগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে। এরপর লাশ গুম করার জন্য টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে যায়।
এদিকে, সখীপুর উপজেলার কৈয়ামধু কারিগরপাড়া জঙ্গল থেকে সাহিদা আক্তার (৪২) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী সোনা মিয়া পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, সোনা মিয়া ও তার স্ত্রী সাহিদা আক্তার জঙ্গলে লাকড়ি কেটে তাদের সংসার চালাতো। প্রতিদিনের মতো সকালে তারা স্বামী-স্ত্রী মিলে কারিগরপাড়া জঙ্গলে লাকড়ি কাটতে যায়। তাদের সাথে পাশের একজন প্রতিবেশীও ছিল। হঠাৎ করে তুচ্ছ ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতÐা হয়। একপর্যায়ে সোনা মিয়ার হাতে থাকা ধারালো দা দিয়ে তার স্ত্রীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাহিদার মৃত্যু হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’
বাসাইলসংবাদ, ১৯ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




