
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় আলমগীর হোসেন (৩৬) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ( ৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন জেলার গোপালপুর উপজেলার ভুটিয়া গ্রামের আবু হানিফের ছেলে।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আলী আহমেদ জানান, ভিকটিম স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর সকালে অন্যান্য দিনের মতো সে স্কুলে যায় । ওইদিন স্কুলের বাইরে থেকে তাকে অপহরণ করে দণ্ডিত আসামি আলমগীর হোসেন তার মামার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরদিন ৮ সেপ্টেম্বর ভিকটিমের বাবা বাদি হয়ে আলমগীর হোসেনের বিরুদ্ধে গোপালপুর থানায় মামলা করেন।
তিনি আরও জানান, মামলার পর ১৮ ডিসেম্বর গোপালপুর থানার এসআই তাজাম্মেল হক একমাত্র আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭ ধারা এবং ৯(১) ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন। এই দুটি ধারায় আলাদাভাবে আসামিকে সাজা প্রদান করেন আদালত। তবে উভয় অপরাধের সাজা একত্রে চলবে বলে বিচারক তার রায়ে উল্লেখ করেন। আসামি আলমগীর জামিনে মুক্তি পেয়ে গা ঢাকা দেন। আদালতে আসামির অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন বিচারক।
বাসাইলসংবাদ, ০৯ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




