
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে আব্দুল্লাহ আল মাসুদ নামের এক সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৩ জুলাই) রাতে শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ায় হাউজিং মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাসুদ রাতেই চারজনের নাম উল্লেখসহ আরও ৩-৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আব্দুল্লাহ আল মাসুদ চ্যানেল ২৪ এর ক্যামেরাপার্সন, বাংলাদেশ বুলেটিন-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি এবং টি নিউজ বিডি ডটকমের স্টাফ রির্পোটার।

এদিকে বুধবার (১৪ জুলাই) বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. সরোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
মামলা সূত্রে জানা গেছে- আব্দুল্লাহ আল মাসুদ তার নিজ বাসা থেকে বের হয়ে একাই টাঙ্গাইল প্রেসক্লাবের দিকে যাচ্ছিলেন। হাউজিং মাঠ এলাকায় পৌঁছালে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবলু ও তার ছেলে মির্জা সিয়াম আনোয়ার বিশালসহ আরও কয়েকজনে মাসুদের মোটরসাইকেলের গতিরোধ করেন। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে মীর্জা আনোয়ার হোসেন বাবলুর নির্দেশে তার ছেলেসহ ৫ থেকে ৬ জন মাসুদকে কিলঘুষি এবং লাথি মেরে আহত করে। এসময় স্থায়ীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে মাসুদকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় রাতেই মাসুদ বাদি হয়ে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবলু ও তার ছেলে মির্জা সিয়াম আনোয়ার বিশাল, মো. রাফি এবং মো. রাকিবসহ আরও ৩-৪জনের বিরুদ্ধে মামলা করেন।
সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, গত বছরের ১ মে ছিনতাই ও মোটরসাইকেল চুরির অভিযোগে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবলুর ছেলেসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। ওই সময় এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করা হয়। এরই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মীর্জা আনোয়ার হোসেন বাবলুর নির্দেশে আমাকে হত্যার চেষ্টা এবং মারধর করা হয়। পরে আমি স্থানীয়দের সহযোগীতায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হই। সেখানে চিকিৎসা নিয়ে রাতেই থানায় মামলা দায়ের করেছি।’
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও টাঙ্গাইল সদর থানায় এসআই মোরাদুজ্জামান বলেন, ‘সাংবাদিককে মারধরের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ইতিমধ্যে কয়েকটি স্থানে আসামিদের গ্রেফতারে অভিযান চালানোও হয়েছে।’
এদিকে সাংবাদিক মাসুদের উপর হামলার ঘটনায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ এবং সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা এ ঘটনায় আসামিদের দ্রæত গ্রেফতারের দাবিও জানিয়েছেন।
বাসাইলসংবাদ/ ১৪ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




