
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকসহ ৩৫জন চিকিৎসক ও নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে তারা নিজেরাই আক্রান্ত হয়েছেন। এঘটনায় চিকিৎসকরা চরম হতাশায় ভুগছেন। হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দিতেও হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমি বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে নমুনা দিয়েছিলাম। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। আমি ছাড়াও এ হাসপাতালে আরও চার চিকিৎসক ও ৩০ নার্স করোনা পজিটিভ হয়েছেন। এছাড়াও আমার স্ত্রী ও ছেলেও করোনা পজিটিভ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে।’ এই মুহূর্তে হাসপাতালে আরও ২০ জন চিকিৎসক প্রয়োজন বলেও তিনি জানান।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, ‘একদিনে হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৮০জন ও উপসর্গ নিয়ে ৬৪জন রোগী চিকিৎসাধীন রয়েছে।’
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ২৯০জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চারজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৫০জনের। আর করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮শ’ ৬৫জনে।
বাসাইলসংবাদ/ ০৯ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




