
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ১৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৩জনে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে মির্জাপুরে পাঁচজন, বাসাইলে একজন, ধনবাড়ীতে একজন, গোপালপুরে দুইজন, ঘাটাইলে দুইজন, মধুপুরে একজন ও কালিহাতীতে একজন রয়েছে। এর মধ্যে ঘাটাইলে আক্রান্ত দুইজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুর রহমান খান বলেন, ‘গত ১১ মে ঘাটাইল উপজেলার নরজানা উত্তরপাড়া গ্রামের বাড়িতে এসে ঢাকার একটি পোশাক কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত আব্দুল মান্নান (৪৫) মৃত্যুবরণ করেন। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সকালে মৃত ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ আসে। এখন তার পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করা হবে।’
জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ‘গত ২৪ ঘন্টায় ১২৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে এক মৃত ব্যক্তিসহ ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের ব্যাপারে স্থানীয় স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এনিয়ে জেলায় ৭৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আর ইতোমধ্যেই ১৯জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।’
…বাসাইলসংবাদ/ ১৪ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




