
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে পাঁচ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য ও অপর এক যুবককে আটক করেছে র্যাব। শনিবার (১ এপ্রিল) ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশের গোল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব ১৪-এর নং কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল কঞ্চিগাড়ি গ্রামের মৃত নজিবুদ্দিনের ছেলে দিওর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আকরামুল হক (৪৭) ও দিওর গ্রামের ওয়াজেদের ছেলে মোক্তার হোসেন (২৮)।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন দুইজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্যের একটি চালান নিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের গোল চত্বর মোড় এলাকায় অবস্থান করছে। পরে শনিবার ভোর রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে সেখান থেকে আকরামুল হক ও মোক্তার হোসেনকে আটক করে। এসময় মোক্তার হোসেনের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে পাঁচ হাজার ৩৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করত। তারা ঢাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা করা হয়েছে।
বাসাইলসংবাদ, ০২ এপ্রিল, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




