
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগীয়) মির্জা আজম এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা। এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, একাব্বর হোসেন এমপি, ছানোয়ার হোসেন, আতাউর রহমান খান, আহসানুল ইসলাম টিটু, হাসান ইমাম খান সোহেল হাজারী, তানভীর হাসান ছোটমনির এমপি, মমতা হেনা লাভলী এমপিসহ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি বলেন, ‘বিগত উপজেলা পরিষদ নির্বাচনে যারা দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হয়েছিলেন তারা আর স্ব-পদে থাকতে পারবেন না, বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিদ্রোহীরা দলের গুরুত্বপূর্ণ পদে আসতে পারবেন না। কিন্তু মুজিববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমা করায় বিদ্রোহীরা সদস্য হিসেবে দলীয় কর্মকা-ে অংশগ্রহণ করতে পারবেন। সেইসাথে মেয়াদউত্তীর্ণ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলাগুলোতে কেন্দ্রের নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন করার সিদ্ধান্তও গৃহীত হয়।’
প্রসঙ্গত, ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে কালিহাতীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম এবং দেলদুয়ারে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মারুফ বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত এবং টাঙ্গাইল সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট খোরশেদ আলম পরাজিত হন।
…বাসাইলসংবাদ/২৭ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




