
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। এসময় হাসপাতালে ভাংচুরকালে রোগীর স্বজন ও হাসপাতালের কর্মীদের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়। এঘটনায় কমপক্ষে ৫জন আহত হয়েছে। মঙ্গলবার (০১ জুন) রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার হুগরা এলাকার মুক্তিযোদ্ধা নুর-ই খোদা রায়েজ হার্ট অ্যাটাক করলে স্বজনরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় তাকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা না দিয়ে ফ্লোরে ফেলে রাখেন। পরে কর্তব্যরত নার্স একটি ইনজেকশন দিতে হবে বলে স্বজনদের কাছ থেকে ৪হাজার টাকা দাবী করেন। টাকা দেয়ার পর অসুস্থ মুক্তিযোদ্ধাকে ইনজেকশন দেয়া হলেও কোন ডাক্তার তাকে দেখেনি। রাত সাড়ে ৮টার দিকে মুক্তিযোদ্ধা রায়েজ মারা গেলে স্বজনরা চিকিৎসা অবহেলায় মৃত্যু অভিযোগ তুলে হাসপাতালে ভাংচুর চালায়। এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম সজিব বেশ কয়েকজনকে সাথে নিয়ে গিয়ে নিহত মুক্তিযোদ্ধার স্বজনদের উপর হামলা চালায়। এসময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এঘটনায় রোগীর স্বজনদের পক্ষের কমপক্ষে ৫জন আহত হয়।
পরবর্তীতে স্বজনরা লাশ নিয়ে বাড়ি যেতে চাইলে লাশ নিতে বাধা দেয় হাসপাতাললের শফিকুল ইসলাম সজিব। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে ভিডিও ধারণ করতে গেলে ডিবিসি নিউজের ক্যামেরা ভাংচুরের চেষ্টা চালায় হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার শফিকুল ইসলাম সজিব।
নিহতের ছেলে ইমরান বলেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধার চিকিৎসা অবহেলার পরেও লাশ নিতে বাধা দেয়। এছাড়াও অভিযুক্ত আরএমও শফিকুল ইসলাম সজিব তার সহযোগীদের নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়।’ এঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি করেন তিনি।
হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা বলেন, ‘আমার সামনেই আবাসিক মেডিকেল অফিসার তার লোকজন নিয়ে নিহত মুক্তিযোদ্ধার স্বজনদের উপর হামলা চালিয়েছে। লাশ নিতেও বাধা দিয়েছে।’
আবাসিক মেডিকেল অফিসার শফিকুল ইসলাম সজিব হামলা ও লাশ নিতে বাধার বিষয়টি অস্বীকার করে উল্টো দাবি করেন রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর চালিয়েছে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন এ বিষয়য়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
বাসাইলসংবাদ/ ০২ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




