
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ব্যাটারিচালিত অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাখিল পরীক্ষার্থী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাদের আরেক বন্ধু আহত হন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া আমুয়াবাইদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে নাঈম খান (১৫) ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাকিল খান (১৫)। তারা উপজেলার মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে তিন বন্ধু মোটরসাইকেলযোগে দেওজানা থেকে ছনখোলা বাজারের দিকে যাচ্ছিল। এসময় তাদের দ্রæতগতির মোটরসাইকেলটি আজাদিয়া দাখিল মাদরাসার সামনে পৌছালে একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন বন্ধু গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে সেখানে শাকিল ও নাঈমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১টার দিকে শাকিল মারা যায়। এছাড়া অপর বন্ধু নাঈমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার তারা দুই বন্ধু দাখিলের কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেয়। আজ শনিবার তারা গণিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তাদের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, ‘দুই ছাত্র নিহত হওয়ার খবর পেয়েছি। তবে তাদের লাশ এখনও পাইনি। খোঁজ খবর নেয়া হচ্ছে।
বাসাইলসংবাদ, ১৭ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




