
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ ৯টি ভাটা মালিককে সাড়ে ২৭লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ জানুয়ারি) দিনব্যাপি উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপিত ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের সহায়তায় পরিচালিত এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা পারভীনের নেতৃত্বে একটি দল। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযানে সহায়তা করেন।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন বিধি লংঘনের দায়ে লাউয়াগ্রাম, চানতারা ও আন্দিপুর এলাকায় স্থাপন করা লিটন ব্রিকসকে পাঁচ লাখ, কেআরবি-তিন লাখ ও এমপিবি ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানাসহ ভাটা তিনটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আন্দিপুর এলাকার সচল ব্রিকসকে তিন লাখ, চানতারা এলাকার নাঈম ব্রিকসকে আড়াই লাখ, আশা ব্রিকসকে দুই লাখ, ধলাপাড়া এলাকার ভিআইপি ব্রিকসকে পাঁচ লাখ, সাথী ব্রিকসকে দুই লাখ ও রূপসা ব্রিকসকে তিন লাখ টাকা করে জরিমানা আদায় করা হয়। অভিযানে মোট ৯টি ইটভাটার মালিককে সাড়ে ২৭ লাখ টাকা জরিমানা করা হয়।’
তিনি আরও বলেন, ‘ঘাটাইল উপজেলার ৫৬টি ইটভাটার মধ্যে লাইসেন্স রয়েছে মাত্র ৯টির। ৯টির হাল নাগাদ নবায়ন আছে। যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে স্থাপন করা হয়েছে, সেগুলোকে নবায়ন দেওয়া হয়নি।
বাসাইলসংবাদ/ ১৯ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




