
নিউজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে নতুন করে সংক্রমিতের সংখ্যা কমেছে, তবে বেড়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৯ জন এবং মারা গেছেন ৯ জন।

‘২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩ হাজার ৪২২টি এবং পরীক্ষা হয়েছে ৩ হাজার ৩৩৭টি। এই পরীক্ষাকৃত নমুনার মধ্যে শনাক্ত হয়েছে ৩০৯ জন।
আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
বুলেটিনে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত একদিনে মৃত্যুবরণকারী ৯ জনের বয়স বিশ্লেষণ করলে দেখা যায় সাত জনের বয়স ৭০ বছরের ঊর্ধ্বে, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে একজন রয়েছেন। এই ৯ জনের মধ্যে ঢাকা শহরের তিন জন এবং ঢাকার বাইরের ছয় জন। ঢাকার বাইরে নারায়ণগঞ্জের দুই জন, টাঙ্গাইলের একজন, মাদারীপুরে একজন, ময়মনসিংহের একজন এবং জয়পুরহাটে দুই জন রয়েছেন।
এর আগে, শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৫০৩ জন, মৃত্যু হয় ৪ জনের। সুস্থ হয়ে ওঠেন ৪ জন। তার আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয় ৪১৪ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৯৯৮ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ১৪০ জনের।
…বাসাইলসংবাদ/ ২৫ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




