
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় আব্দুল্লাহ (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন তার বাবা। শুক্রবার ( ৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সরাতৈল অরক্ষিত রেল ক্রুসিং এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ উপজেলার গোহালিয়াবাড়ি এলাকার মাওলানা আলাউদ্দিনের ছেলে। এঘটনায় নিহতের বাবা আলাউদ্দিনও আহত হয়েছেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে আব্দুল্লাহ তার বাবা মাওলানা আলাউদ্দিনকে নিয়ে স্থানীয় ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে সরাতৈল রেলক্রুসিং পার হওয়ার সময় মোটরসাইকেলটি বন্ধ হয়ে যায়। এসময় বাবা মাওলানা আলাউদ্দিন ট্রেনের শব্দ পেয়ে মোটরসাইকেল থেকে তারাহুরো করে নামতে গিয়ে আহত হলেও রেল লাইন থেকে সরে যান। আর এসময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আব্দুল্লাহ ঘটনাস্থলেই মারা যান।।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাষ্টার (ইনচার্জ) মাছুম আলী খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছিল। ঘটনার পরপরই নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন।
বাসাইলসংবাদ/ ০৪ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




