
নিজস্ব প্রতিবেদক : জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম বিষয়ে টাঙ্গাইলের কালিহাতীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সভা হয়। ২০২৩ সালের মধ্যে দেশে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে সারাদেশে পর্যায়ক্রমে এ টিকাদান সম্পন্ন হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দীন খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহীদুল্লাহ প্রমুখ। সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বাস্থ্য-পরিদর্শক, সহকারী স্বাস্থ্য-পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
আগামী ২২ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত জলাতঙ্ক রোগ নির্মূলে উপজেলার ১৩টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার সকল কুকুরকে টিকা দেয়া হবে। প্রতিটি ইউনিয়নে ২টি, কালিহাতী পৌরসভায় ৫টি ও এলেঙ্গা পৌরসভায় ৪ টি বিশেষজ্ঞ টিম ৫ দিনে টিকাদান কার্যক্রম সম্পন্ন করবে।
বাসাইলসংবাদ/ ২০ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




