
নিজস্ব প্রতিবেদক : করোনার বিধিনিষেধ উপেক্ষা করে টাঙ্গাইলের বাসাইলে ৪৩ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। সরকারী নির্দেশনা অনুযায়ী গত ১৩ জানুয়ারি থেকে সকল ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হলেও শনিবার (২২ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে বাসাইল ডিগ্রি কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিজ্ঞান উপকরণ নিয়ে উপস্থিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নূরেন, পৌর মেয়র আব্দুর রহিম আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন বলেন, বিজ্ঞান মেলা কোনো ক্লাস না, একদিনের জন্য সীমিত পরিসরে ছোট একটি অনুষ্ঠান। সরকারি অনুষ্ঠান বন্ধ এটা তো কোথাও বলা নাই। পরিপত্রে লিখা আছে, ১০০ জন মাস্ক পড়ে অনুষ্ঠানে আসতে পারবে। এই অনুষ্ঠানের সাথে স্কুল কলেজে বন্ধ থাকার কোনো মিল নাই। অনুষ্ঠানটি স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হয়েছে।
বাসাইলসংবাদ/ ২২ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




