
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে ঘাটাইলের সাগরদীঘি ইউনিয়ন ও নাগরপুরের ভাড়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

এলেঙ্গা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র নুর এ আলম সিদ্দিকী নৌকা প্রতীকে ১৩ হাজার ৬১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাফী খান জগ প্রতীকে পেয়েছেন আট হাজার ৮০৫ ভোট। ঘাটাইলের সাগরদিঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাবিবুল্লাহ বাহার মোটরসাইকেল প্রতীকে চার হাজার ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম চশমা প্রতীকে তিন হাজার ৫৬৭ ভোট পেয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রাার্থী হেকমত সিকদার তিন হাজার ৪৪৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
এদিকে, নাগরপুরের ভাড়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবুবকর ছিদ্দিক আনারস প্রতীক নিয়ে পাঁচ হাজার ৯৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার নৌকা প্রতীকে তিন হাজার ৯৯৬ ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান বলেন, ‘কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
বাসাইলসংবাদ, ১৬ মার্চ ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




