
নিউজ ডেস্ক : দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে গণতন্ত্র ও স্থিতিশীলতার ধারাবাহিকতার বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয় উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। ফিতা কেটে ওই কার্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
এর আগে, অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এ সময় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশে গণতান্ত্রিক অব্যাহত আছে বলেই আজ আমরা বাংলাদেশকে উন্নত করতে পেরেছি। এখন উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। যদি একটা স্থিতিশীল ধারাবাহিকতা না থাকতো, তাহলে এটা কখনও অর্জন করা সম্ভব হতো না।’
তিনি আরও বলেন, ‘আমাদের এই গণতান্ত্রিক ধারাটা কিন্তু দীর্ঘ সংগ্রামের ফসল, এটা সবাইকে মাথায় রাখতে হবে। এটা একদিনে আসেনি। বারবারই আমাদের দেশে নানা রকম সমস্যা সৃষ্টি হয়েছে। সেই ২০০৯ এ সরকার গঠনের পর থেকে আমরা যে একটানা সরকারে থাকতে পেরেছি, পাশাপাশি আমাদের গণতান্ত্রিক ধারাটা মজবুত করতে পেরেছি বলেই আজকে পার্লামেন্ট ভবনসহ সারাদেশটাই বদলে গেছে।’
সংসদের নতুন অফিস বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ আমরা ঘোষণা দিয়েছি, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট অফিস দরকার। সংসদের এই অফিসটা স্মার্ট অফিস হিসেবে তৈরি হয়েছে।’
বাসাইলসংবাদ, ০৬ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




