
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, গতবছর দাম কম পাওয়ায় এবছর আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে। তাছাড়া আমরা কিছু আলু রপ্তানি করেছি। তারপরও আলুর দাম এতোটা হওয়া উচিত নয়। এটি হয়েছে সিন্ডিকেটের কারণে। আমরা সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৪৮ ঘণ্টা কেন, ৪৮ দিনের আল্টিমেটামেও বিএনপি সফল হবে না। বিএনপি ১৫ বছর ধরে আন্দোলন করে যেখানে ছিল, সেখানেই আছে। নির্বাচনের আর তিন মাস বাকী আছে। এই তিন মাসে বিএনপি যতো আল্টিমেটাম দিক, বোমাবাজির কথা বলুক, সন্ত্রাসের কথা বলুক-কিছুতেই তারা সফল হবে না। আমার শুধু দু:খ লাগে, বিএনপির আন্দোলন আবারও ব্যর্থতায় পর্যবসিত হবে আর তাদের কর্মীরা হতাশায় নিমজ্জিত হবে।
ভিসা দিয়ে বা না দিয়ে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমেরিকা ভিসানীতি দিয়ে থাকতে পারে। কী কারণে সেটি করেছে, তা জানি না। আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন। তার অধীনেই সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। জানুয়ারি মাসেই এই নির্বাচন হবে। কারো ভিসানীতিতে আমাদের কিচ্ছু যায় আসে না। ভিসা দিয়ে বা না দিয়ে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এসএম সোহরাব উদ্দিন, মধুপুর পৌর সভার মেয়র সিদ্দিক হোসেন খান, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল বাশার, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান জস্টিনা নকরেক প্রমুখ।
বাসাইলসংবাদ, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




