
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর অংশের বিভিন্ন পয়েন্টে গতকাল শনিবারের মতো আজও পোশাক শ্রমিকদের ঢাকামুখী ঢল লক্ষ্য করা গেছে। গণপরিবহন বন্ধ তাই যথারীতি কালকের মতো আজকেও জামালপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, টাঙ্গাইলের ঘাটাইল, কালিহাতীসহ বিভিন্ন এলাকা থেকে ঢাকার দিকে পায়ে হেঁটেই ছুঁটে চলেছেন শতশত পোশাক শ্রমিক।

সরেজমিন, রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১ টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর অংশের বিভিন্ন পয়েন্টে এই দৃশ্য চোখে পড়েছে। এতে বাহন হিসেবে চড়া মূল্যে কেউ কেউ অটোরিকশা, ভ্যানগাড়ি ব্যবহার করলেও দু’টো পাঁ-ই অধিকাংশের একমাত্র ভরসা।
সিরাজগঞ্জ থেকে গাজীপুরের সফিপুরের উদ্দেশ্যে আসা পোশাক শ্রমিক স্বপ্না বলেন, ‘ভোরে বাড়ি থেকে বাইর হইছি। এই পর্যন্ত (মির্জাপুর) আসতে ৬শ’ টাকা খরচ হইছে। রিকশা ওয়ালারা অনেক বেশী ভাড়া নিতাছে, রাস্তায়তো গাড়ি নাই কি করুম। এহন টাকা শেষ তাই হাইটাই যাইতাছি।’
একই এলাকা থেকে আসা জহিরুল ইসলামকে তার ভিতরে করোনাভাইরাস সংক্রমণের ভয় কাজ করে কিনা জানতে চাইলে বলেন, করোনার চাইতে পেটের জ্বালা অনেক বেশী। বাঁচলে বাঁচুম না বাঁচলে নাই, তয় চাকরি হারানো যাইবো না। কারখানা খুলে দিয়ে রাস্তায় গাড়ি না নামানোর সমালোচনাও করেন তিনি।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কর্তৃক পোশাক কারখানা বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা একাধিক পোশাক শ্রমিকের সাথে কথা বললে তারা জানান, তাদের সবাইকে অফিস থেকে কারখানায় কাজে যোগ দিতে বলা হয়েছে। যোগ দিতে না পারলে দেখানো হয়েছে চাকরি হারানোর ভয়। তবে চাকরিতে যোগদান করা নিয়ে বেশিরভাগ পোশাক শ্রমিক অসন্তুষ্টি প্রকাশ না করলেও রাস্তায় গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে কারখানায় যাওয়ার অবর্ণনীয় কষ্টের কথা উল্লেখ করে সরকারের সমালোচনা করেন অনেকেই।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামানা বলেন, ‘মহাসড়ক দিয়ে পোশাক শ্রমিক ঢাকার দিকে যাওয়ার বিষয়টি তিনি দেখেছেন এবং সাধ্যমতো চেষ্টা করছেন যেন দূর দূরান্ত থেকে কেউ ঢাকার দিকে না যান। দূর দূরান্ত থেকে আসা শ্রমিক বহনকারী কয়েকটি গাড়ি তিনি ফিরিয়ে দিয়েছেন বলেও জানান।
…বাসাইলসংবাদ/ ২৬ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




