
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘সাম্প্রদায়িক চেতনা ও ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে যারা ক্ষমতায় আসতে চায় ও দেশের মানুষকে শোষণ-শাসন করতে চায়। তাদের সম্পর্কে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। যে কোন অপশক্তির বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ।’ সোমবার (৩ অক্টোবর) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। কিন্তু এই অসা¤প্রদায়িক চেতনার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী-সুবিধাবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী দেশে অপতৎপরতা চালাচ্ছে। এই শারদীয় দুর্গোৎসবে সবাইকে সম্মিলিতভাবে শপথ নিতে হবে- সাম্প্রদায়িক শক্তিকে আমরা প্রতিহত-প্রতিরোধ করব। বাংলার মাটি থেকে নির্মূল করব।’
তিনি আরও বলেন, ‘দুর্গোৎসবকে কেন্দ্র করে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে- তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজাটা হিন্দুদের হলেও উৎসবটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ জাতিধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল সম্প্রদায়ের-সকল মানুষের। এ শারদোৎসবে আসুন আমরা শপথ নিই- সকল অন্যায়-অবিচার ও শোষণের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হবো। সকল মানুষের উন্নয়ন ও কল্যাণের জন্য আমরা নিয়োজিত থাকবো এবং যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখব।’
পূজামণ্ডপ পরিদর্শনকালে ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জরুল ইসলাম তপন প্রমুখ।
বাসাইলসংবাদ, ০৩ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




