
নিউজ ডেস্ক : সরকার পতনের একদফা আন্দোলনে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দিয়েছেন বিএনপির তিন সাংগঠনিক বিভাগের নেতারা। তারা চান, মূল দলের নেতৃত্বে অঙ্গ এবং সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করুক। দলের শীর্ষ নেতৃত্বও একই নির্দেশনা দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাজশাহী, রংপুর ও কুমিল্লা বিভাগের জেলা এবং মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে রুদ্ধদ্বার মতবিনিময় সভা হয়। বিকে সাড়ে ৪টা থেকে প্রায় ৪ ঘণ্টা ধরে এই বৈঠক চলে। গত দুই দিনে চট্টগ্রাম, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের নেতাদের সঙ্গেও রুদ্ধদ্বার বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবারের বৈঠক সূত্রে জানা গেছে, চাপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদ হারুনের কড়া সমালোচনা করে বক্তব্য রেখেছেন। তিনি এ-ও বলেন, এমপি হারুন সরকারের দালালি করে শপথ নিয়েছেন। তারা (বিএনপিদলীয় সংসদ সদস্য) তলারটাও খাবেন, ওপরেরটাও খাবেন। এদের সংসদ থেকে পদত্যাগ করা উচিত।
ওই নেতা আরও বলেছেন, ‘এমপি হারুনকে আবার রংপুর বিভাগের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দৃষ্টি আকর্ষণ করে বলব, এদের কারণে নেতাকর্মীরা বিভ্রান্তি হয়।’
বিভিন্ন জেলার নেতারা অভিযোগ করে বলেছেন, অঙ্গ ও সহযোগী সংগঠন মূল দল বিএনপির কথা শুনতে চায় না। এটা হলে আন্দোলন সফল করা যাবে না। অভিযোগের জবাব দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে বলেছেন, যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। মূল দলের নেতৃত্বেই আন্দোলন সফল করতে হবে।
জেলা ও মহানগর নেতারা তারেক রহমানের উদ্দেশে আরও বলেছেন, এক দফার আন্দোলনে সফল হতে গেলে রাজধানী ঢাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ, বিগত দুটি আন্দোলন ঢাকার ব্যর্থতায় সফলতা আসেনি।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সভায় সভাপতিত্ব করেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মূল মঞ্চে বসেন।
সূত্র- দৈনিক আমাদের সময়
বাসাইলসংবাদ, ০৩ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




