
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরের বহেড়াতৈলে মুক্তিযুদ্ধের শপথ স্তম্ভের জমি থেকে অবশেষে ভূমি কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।রবিবার সকালে স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, মেয়র, মুক্তিযোদ্ধা, সহকারী কমিশনার (ভূমি), সন্তান কমান্ডসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে সকলের সমন্বয়ে স্মৃতিস্তম্ভের পাশ থেকে ভূমি কার্যালয় অন্যত্র সরিয়ে নিয়ে নির্মাণ কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১১ জুন (বৃহস্পতিবার) উপজেলার বহেড়াতৈলে শপথ স্মৃতি স্তম্ভের জমিতে ইউনিয়ন ভূমি কার্যালয়ের নির্মাণ কাজটি লাকী এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান শুরু করে। এর দেখভাল করেন উপজেলা এলজিইডি বিভাগ। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড তীব্র প্রতিবাদ জানায়। এদিকে গত ২০ জুন স্থানীয় আসনের সাবেক এমপি অনুপম শাহজাহান জয় মুক্তিযুদ্ধের শপথ স্তম্ভটি পরিদর্শন করেন। এসময় তিনি ওই জমি থেকে ভূমি কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান।
স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বেশ কয়েকটি সামাজিক সংগঠন শপথ স্তম্ভের পাদদেশে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ সভা, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ জানান, ১৯৭১ সালের ১০ জুন বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কাদেরিয়া বাহিনীর কয়েক হাজার মুক্তিযোদ্ধা বহেড়াতৈল বাজারের পাশের ওই জমিতে যার যার ধর্মগ্রন্থ ছুঁয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে শপথ নেন। শপথ স্থানটিকে স্মরণীয় করে রাখতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে একটি স্মৃতি স্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নেন। তৎকালীন জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী ওই শপথ স্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে ওই শপথ স্তম্ভের ৮০ ভাগ নির্মাণ শেষ হলেও গত ২৪ বছরেও ওই স্তম্ভটি এখনোও উদ্বোধন করা হয়নি। গত বৃহস্পতিবার (১১জুন) হঠাৎ করে ওই স্মৃতি স্তম্ভের জমিতে বহেড়াতৈল ইউনিয়ন ভূমি কার্যালয় নির্মাণ কাজ শুরু হয়। পরে মুক্তিযোদ্ধা ও তাদের সস্তান কমান্ড নির্মাণ কাজ বন্ধের প্রতিবাদ জানায়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সস্তান কমান্ডের সভাপতি হারুন আজাদ বলেন, রবিবার সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, ইউএনও আসমাউল হুসনা লিজা, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রকৌশলী আতাউল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদার, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও তাদের বীর সন্তানেরা বহেড়াতৈল শপথ স্তম্ভের পাদদেশে উপস্থিত হয়ে সরেজমিন পরিদর্শন করে। এসময় ভূমি কার্যালয়টি অনত্র স্থাপনের সিদ্ধান্ত হয়।
পরিদর্শন শেষে স্থানীয় সাংসদ এডভোকেট জোয়াহেরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শপথ স্তম্ভের পাশে নির্মানাধীণ ইউনিয়ন ভূমি কার্যালয় ওই স্থান থেকে সরিয়ে অন্যত্র নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও শপথ স্তম্ভের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করারও আশ্বাস দেন তিনি।
…বাসাইলসংবাদ/ ২২ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




