
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চারবারের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একাব্বর হোসেনের স্ত্রী ঝর্ণা হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

ঝর্ণা হোসেন জানান, তার স্বামী (একাব্বর হোসেন) দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত ১৬ অক্টোবর তিনি ব্রেনস্ট্রোক করেন। পরে তাকে সিএমএইচএ ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একাব্বর হোসেন এমপি ১৯৫৬ সালে মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ ওয়াজউদ্দিন এবং মাতার রেজিয়া বেগম। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস সম্মান ও ১৯৭৮ সালে এমএসএস ডিগ্রী অর্জন করেন।
প্রসঙ্গত, একাব্বর হোসেন এমপি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন। ১৯৭৩ সালে সরকারী তিতুমীর কলেজে পড়াকালীন সময়ে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭৮ সালে একই হল শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির তিনবার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে তিনি মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি মির্জাপুর উপজেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
২০০১ সালে তিনি অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বাসাইলসংবাদ/ ১৬ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




