
ক্রীড়া ডেস্ক : সামনেই মুক্তি পাচ্ছে জয়া আহসান- প্রসেনজিৎ জুটির প্রথম ছবি ‘রবিবার’, পরিচালনা করেছেন অতনু ঘোষ। এই নিয়ে ব্যস্ত সময় কাটছে ঢাকা-কলকাতার দুই তারকার। জমিয়ে আড্ডা দিচ্ছেন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে।

তেমনই এক আলাপে উঠে এসেছে জয়া রসনাবিলাসের কথা। যা রীতিমতো প্রসেনজিতের হিংসার বস্তুর।
কথা উঠেছিল ছুটির দিন নিয়ে। আনন্দবাজার পত্রিকাকে জয়া জানান ঢাকা ও কলকাতায় ছুটির দিন আলাদা হওয়ায় অনেক সময় গোলমাল হয়ে যায়। তিনি বলেন, “কোনটা রবিবার, কোনটা ছুটির দিন আমার তো সেটাই ঘেঁটে যায়! ঢাকায় শুক্রবার ছুটির দিন। রবিবার সকলে কাজ করেন। তাই ঢাকায় থাকলে রবিবার মানে চূড়ান্ত ব্যস্ততা। একবার ভুল করে কলকাতায় রবিবার ব্যাংকে চলে গিয়েছিলাম! এখানে থেকে শিখেছি, রবিবার মানে জমিয়ে মাংস-ভাত খেতে হয়।”
‘বোঝা যায় না, আপনি খাইয়ে…’ এমন কথার জবাবে জয়া বলেন, “কী বলছেন? আমার খাওয়া দেখলে বিশ্বাস করতে পারবেন না। রেওয়াজদার গোশত তুলে তুলে খাই।”
পাশ থেকে প্রসেনজিৎ বলেন, “আরে, আমি কাউকে নিয়ে এতটা জেলাস হইনি। যতটা ওকে দেখে হয়েছি। জয়া সব খায় এবং অনেকটা পরিমাণে খায়, তাও মোটা হয় না! এটা আশীর্বাদের মতো। চারটা রাজভোগ, শিঙাড়া খেয়ে নিল, খেয়েই যাচ্ছে…।”
প্রসেনজিতের সঙ্গে অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, “প্রথমে নার্ভাস ছিলাম। তবে কাজ করতে গিয়ে একবারও মনে হয়নি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছি। এতটাই মাটির মানুষ। আর এই লোকটা শুধু নিজের চরিত্র নিয়ে কনসার্নড নয়। গোটা সিনেমাটা নিয়ে ভাবে। সকলের সিন ওর মনে থাকে।”
আর জয়া প্রসঙ্গে নায়কের বয়ান, “জয়া ভালো অভিনেত্রী জানতাম। কিন্তু ওর মধ্যে ভালো কাজের মারাত্মক একটা খিদে রয়েছে। এই জায়গা থেকে ওকে আমি রেসপেক্ট করি।”
‘রবিবার’ ভারতে মুক্তি পাচ্ছে ২৭ ডিসেম্বর। শোনা যাচ্ছে, শিগগিরই আমদানির মাধ্যমে বাংলাদেশেও মুক্তি পাবে।
…বাসাইলসংবাদ/২৪ডিসেম্বর/একেবি




